নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানের দল আমজনতার দল চাইলে আপিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব। তারেক রহমানকে নির্বাচন ভবনের সামনে অনশন প্রত্যাহার করে ইসিতে আপিলের পরামর্শ দেন তিনি।
ইসির মতো কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।
ইসি সচিব জানান, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।
সচিব বলেন, একইদিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এজন্য দু’টি অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে।
সংলাপ প্রসঙ্গে সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই ইসি সংলাপের সময়সূচি ঠিক করবে।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা চাই, সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।
নতুনধারা