
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদেরকে এই দেশের মানুষ ক্ষমা আর করবে না। ভারতে বসে এদেশে সন্ত্রাসী দিয়ে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, আর বাংলাদেশে ফিরে আসবে? তাদেরকে আমরা আসতে দিতে পারি না। সাহস থাকলে আসো, জনগণের সামনে আসো। খালেদা জিয়া জেলে ছিল ৬ বছর। আপনি (শেখ হাসিনা) আসেন, জেলে থাকেন সাত-আট বছর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেকে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, সব বিষয়ে একমত হয়েছি। সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে বিচার ব্যবস্থাকে স্থায়ীভাবে স্বাধীন করবে। যেন বিচার বিভাগ সব সময় স্বাধীনভাবে চলতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি এই কাজটি করবে।
এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।